আগামী সপ্তাহে কিউআর কার্ড পাবে ৫০ লাখ পরিবার

৭ মে, ২০২০ ১৪:১২  
ত্রাণের চাল চুরি ঠেকাতে ৫০ লাখ পারিবারের জন্য তৈরি হচ্ছে কিউআর (কুইক রেসপন্স) কার্ড। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্বাবধানে এই কার্ডের সফটওয়্যার তৈরি করছে আইসিটি বিভাগ। কার্ড তৈরির কাজ প্রায় শেষ। জেলা প্রশাসক, ইউএনও, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় আগামী সপ্তাহেই এটি বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (ত্রাণ-১) আবুল খায়ের মোহাম্মদ মারুফ হাসান। তিনি জানিয়েছেন, গত ২৮ এপ্রিল থেকে ত্রাণের প্রকৃত সুবিধাভোগি শনাক্তের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবারের (৭ মে) মধ্যে ৫০ লাখ পরিবারের তথ্য আইসিটি বিভাগে পৌঁছে যাবে। সামনের সপ্তাহে এসব পরিবারকে কিআর কার্ড দেওয়া হবে। সূত্রমতে, ডিজিটাল কিউআর কার্ডে খানা প্রধানের (পরিবার) নাম, খানায় সদস্য সংখ্যা, জন্ম তারিখ, ছবি, মোবাইল ও ভোটার আইডি কার্ডের নম্বর। কার্ডটি মোবাইলের ক্যামেরায় স্ক্রিনিং করা যাবে। ফলে একজনের চাল অন্যজন নিতে পারবে না। চাল দেওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রি হয়ে যাবে। এই কার্যক্রম প্রধানমন্ত্রীর অফিস থেকেও পর্যবেক্ষণ করা যাবে।